
কলকাতা, ৩০ জুলাই (হি.স.): তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলা রুজু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি বিভিন্ন থানায় নতুন করে একাধিক এফআইআর দায়ের হয়। শিলিগুড়ি সাইবার থানা, কালীতলা ও বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে একাধিক অভিযোগ দায়ের হয়। সেই সমস্ত মামলায় একত্রে সুরক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে এ দিন মামলার শুনানি হয়। বিচারপতি নির্দেশ দিয়েছেন, অভিষেকের বিরুদ্ধে তিনটি থানায় যে মামলাগুলি রয়েছে, সেগুলিতে তাঁর বিরুদ্ধে পুলিশ এখনই কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। রাজনৈতিক হিংসার বশে মামলা হচ্ছে বলে দাবি করেছিলেন অভিষেকের আইনজীবী। তাই অভিষেকের বিরুদ্ধে আগামিদিনে অভিযোগ দায়ের করতে হলে যাতে আদালতের আগাম অনুমতি নেওয়া হয়, সেই আবেদনও করা হয়েছিল। আগামী ৬ আগস্ট পরবর্তী শুনানির দিন অভিষেকের বিরুদ্ধে এখনও পর্যন্ত যতগুলি এফআইআর দায়ের হয়েছে, তার তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ