
আরামবাগ ,৩০ জুলাই (হি.স.): আরামবাগে সারের কালোবাজারি ও অতিরিক্ত দামে বিক্রি রুখতে আকস্মিক পরিদর্শনে এলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তিনি আরামবাগের কালীপুর এলাকায় একটি সারের হোলসেল দোকানে হঠাৎই পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী দোকানের গোডাউনে মজুত থাকা সারের পরিমাণ ও সংরক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন। তদন্তে তিনি জানতে পারেন, হোলসেল লাইসেন্স থাকা সত্ত্বেও ওই দোকান থেকে খুচরো বা রিটেল পর্যায়ে সার বিক্রির অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তিনি দোকান কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেন।
মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোনও অবস্থাতেই চাষিদের কাছে নির্ধারিত সর্বোচ্চ খুচরো মূল্য (এমআরপি)-র বেশি দামে সার বিক্রি করা যাবে না। কৃষকদের স্বার্থে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে বলেও তিনি জানান।
দোকান পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সারের কালোবাজারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাচ্ছি। চাষিদের যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেজন্য আমরা নিয়মিত সারপ্রাইজ ভিজিট করছি। প্রথমবার অভিযোগ প্রমাণিত হলে সতর্ক করা হচ্ছে। কিন্তু একই ধরনের অভিযোগ পুনরায় পাওয়া গেলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, কৃষি দফতরের আধিকারিকদেরও এই বিষয়ে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হবে। কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
কৃষিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় কৃষকদের একাংশ সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং সারের কালোবাজারি রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA