
গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : অসমে অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানের অংশ হিসেবে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কয়েকজন অনুপ্রবেশকারীর ছবি সহ এক পোস্টে মুখ্যমন্ত্ৰী বলেছেন, রাজ্যের নিরাপত্তা ও স্বকীয়তা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে চলেছে।
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘অসমের নিরাপত্তা ও স্বকীয়তার সঙ্গে কোনও আপস করা হবে না। ২৪ ঘণ্টা কড়া নজরদারি অব্যাহত রয়েছে, অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ তিনি জানান, এই অভিযানে ১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ওই বিদেশি নাগরিকদের কোথায় আটকানো হয়েছে বা তাঁরা কোন দেশের বাসিন্দা, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও তথ্য প্রকাশ করেননি।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে অসমের ২৬৭.৫ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই সীমান্ত শ্রীভূমি, কাছাড়, ধুবড় এবং দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মধ্য দিয়ে বিস্তৃত। এছাড়া শ্রীভূমি জেলার সুতারকান্দিতে অবস্থিত ইন্টিগ্রেটেড চেক পোস্ট উত্তর-পূর্বাঞ্চলে ভারত-বাংলাদেশ সীমান্তের তিনটি আইসিপির অন্যতম। বাকি দুটি রয়েছে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার আখাউড়ায়। পাশাপাশি ভারত-ভুটান সীমান্তে দররাঙায়ও একটি ইন্টিগ্রেটেড চেক পোস্ট কার্যকর রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। সেই সময় আসাম পুলিশ জানিয়েছিল, অবৈধ অনুপ্রবেশ রোধে তারা বর্ডার সিকিউরিটি ফোর্স-এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশে আটকে পড়া বৈধ ভারতীয় পাসপোর্টধারীদের অনুমোদিত প্রবেশপথ দিয়ে দেশে ফেরার ব্যবস্থাও নিশ্চিত করা হয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস