পঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে এএপি কার্যালয়ের সামনে বিজেপির বিক্ষোভ, দ্বিচারিতার অভিযোগ
নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): পঞ্জাবে কথিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিল্লির ক্যানিং লেনে আম আদমি পার্টি (এএপি)-র কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রার নেতৃত্বে আয়োজি
পঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আপ কার্যালয়ের সামনে বিজেপির বিক্ষোভ, দ্বিচারিতার অভিযোগ


নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): পঞ্জাবে কথিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিল্লির ক্যানিং লেনে আম আদমি পার্টি (এএপি)-র কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রার নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে পঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগের দাবি তোলা হয়। বিক্ষোভ শেষে পুলিশ বিজেপি কর্মী-সমর্থকদের আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর সতর্ক করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বিক্ষোভে সাংসদ যোগেন্দ্র চাঁদোলিয়া, কমলজিৎ সেহরাওয়াত, বাঁসুরি স্বরাজ, রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিষ্ণু মিত্তল-সহ বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। যুব মোর্চা, ওবিসি মোর্চা এবং পূর্বাঞ্চল মোর্চার কর্মীরাও বিক্ষোভে যোগ দেন।

হর্ষ মালহোত্রার অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেও পঞ্জাবে একই ধরনের অভিযোগে এএপি সম্পূর্ণ নীরব। তাঁর দাবি, পঞ্জাবে টিইটি, দ্বাদশ শ্রেণির ইংরেজি, ফার্মাসি অফিসার-সহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও রাজ্য সরকার দায় এড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, কেন্দ্রে নৈতিকতার কথা বললেও পঞ্জাবে এএপি ভিন্ন অবস্থান নিচ্ছে, যা তাদের দ্বিচারিতারই প্রমাণ।

বিষ্ণু মিত্তলের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রথমে নীরবতা, পরে অস্বীকারের চেষ্টা—এই অবস্থানের ফলে পঞ্জাবের যুবসমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সাংসদ যোগেন্দ্র চাঁদোলিয়া বলেন, সংসদে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধীরা আলোচনা এড়িয়ে গেলেও পঞ্জাবের ঘটনাগুলির কোনও জবাব এএপি নেতৃত্ব দেয়নি।

সাংসদ কমলজিৎ সেহরাওয়াতের দাবি, গত চার বছরে পঞ্জাবে একাধিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে। কিন্তু রাজ্য সরকার তা স্বীকার করতেই চাইছে না। অন্যদিকে বাঁসুরি স্বরাজ বলেন, ফার্মাসি অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেও আপের নীরবতা একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। কেন্দ্রের আনা অ্যান্টি-পেপার লিক আইন নিয়ে বিরোধিতা করলেও পঞ্জাবের ঘটনায় এএপি জবাবদিহি এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালও পাঞ্জাব সরকার ও এএপি নেতৃত্বকে আক্রমণ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দলটির অবস্থান সম্পূর্ণভাবে প্রকাশ্যে এসেছে। তিনি পঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পঞ্জাবে কথিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় নির্ধারণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande