যন্তর-মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞার দাবি ভুয়ো, স্পষ্ট করল দিল্লি পুলিশ
নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): যন্তর-মন্তরে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো দাবিকে সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর বলে জানাল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ স্পষ্ট করেছে, শান্তিপূর্ণ এবং যথাযথ অনুমতি-প্রাপ্ত বি
যন্তর-মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞার দাবি ভুয়ো, স্পষ্ট করল দিল্লি পুলিশ


নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): যন্তর-মন্তরে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো দাবিকে সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর বলে জানাল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ স্পষ্ট করেছে, শান্তিপূর্ণ এবং যথাযথ অনুমতি-প্রাপ্ত বিক্ষোভের জন্য যন্তর-মন্তর এখনও নির্ধারিত স্থান হিসেবেই রয়েছে।

দিল্লি পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানো হচ্ছে যে যন্তর-মন্তরে আর কোনও বিক্ষোভের অনুমতি দেওয়া হচ্ছে না বা জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের সমস্ত দাবি ভিত্তিহীন এবং বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই।

পুলিশ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই অনুযায়ী প্রণীত দিল্লি পুলিশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, যন্তর-মন্তরে একসঙ্গে সর্বাধিক এক হাজার জনকে বিক্ষোভের অনুমতি দেওয়া যেতে পারে।

বিক্ষোভের অনুমতি পেতে হলে সংশ্লিষ্ট সংগঠন বা আয়োজকদের নির্দিষ্ট নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। সক্ষম কর্তৃপক্ষের অনুমোদনের পরই নির্ধারিত শর্তসাপেক্ষে সেই অনুমতি দেওয়া হয়।

দিল্লি পুলিশ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, যাচাই না করা বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করতে। যে কোনও তথ্যের জন্য শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা করার পরামর্শও দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande