
শিমলা, ৩০ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশে আগামী কয়েক দিন সক্রিয় থাকবে বর্ষা। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে। আগামী ৩১ জুলাই সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কাংড়া, কিন্নর, কুল্লু , মান্ডি, শিমলা, সিরমৌর এবং সোলন জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের ফ্ল্যাশ ফ্লাড গাইডেন্স সেল।
আবহাওয়া দফতরের মতে, এই জেলাগুলির বিভিন্ন জলাধার এলাকা ও নিম্নভূমিতে হঠাৎ জলস্তর বৃদ্ধি পেতে পারে। তাই নদী, নালা ও পাহাড়ি ঝরনার ধারে না যাওয়ার পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তার উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চম্বা, কাংড়া ও মান্ডি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কুল্লু , শিমলা, সিরমৌর ও কিন্নর জেলায় রয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এই সময় ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কাও রয়েছে।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সোলন জেলার কসৌলিতে। এছাড়া শিমলা জেলার সারাহানে ৩২.৫ মিলিমিটার, বিলাসপুরের নৈনা দেবীতে ২৬ মিলিমিটার, মান্ডির কাটৌলায় ২৩ মিলিমিটার, জোগিন্দরনগরে ২০ মিলিমিটার এবং কিন্নরের নিচারে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজ্য জরুরি পরিচালন কেন্দ্র জানিয়েছে, টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে এখনও প্রায় ১৫০টি রাস্তা বন্ধ রয়েছে। ফলে একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
এদিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমায় রাজ্যে আর্দ্রতা বেড়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজ্যের গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য