
উত্তর দিনাজপুর, ৩০ জুলাই (হি. স.): উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বিডিও দিব্যেন্দু সরকারের বিরুদ্ধে সরকারি তহবিলের অপব্যবহার ও ব্যাপক অনিয়মের গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই বিষয়ে বিজেপি কর্মী-সমর্থকেরা স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুরো ঘটনা ও খরচের বিস্তারিত অডিট করার দাবি জানিয়েছেন।
বিজেপির অভিযোগ, বিডিও-র বাসভবন সংক্রান্ত একাধিক ব্যক্তিগত খরচের বিল বেআইনিভাবে সরকারি খাতায় পেশ করা হয়েছে। এর মধ্যে তাঁর বাসভবনের ছাদে ঝুলন্ত দোলনা বসানো, ট্রলি ব্যাগ কেনা, পরিচারিকার বেতন প্রদান এবং মাংস কেনার বিলও অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে।
বিজেপির রাজ্য কার্যকারিনী কমিটির সদস্য নিমাই সিংহ অভিযোগ করেন, বিডিও-র প্রত্যক্ষ নির্দেশেই এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। কিছু ভাউচারে অর্থমূল্যের পরিমাণ অস্বাভাবিক রকমের বেশি বলেও তিনি দাবি করেন। সেই সঙ্গে ইটাহারে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদে হওয়া বিভিন্ন কাজ ও অর্থ বরাদ্দেরও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব।
দলীয় কর্মী-সমর্থকদের প্রশ্ন, সরকারি তহবিল থেকে কীভাবে এই ধরনের ব্যক্তিগত খরচের বিল মেটানো সম্ভব? বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার। বৃহস্পতিবার তিনি জানান, বিজেপি নেতারা এই ধরনের বিল কোথা থেকে সংগ্রহ করেছেন সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, সরকারি তহবিল থেকে এই ধরনের কোনও বিলের অর্থ অনুমোদন করা হয়নি এবং উপস্থাপিত বিলগুলি সম্পূর্ণ ভুয়ো।
বিজেপির পক্ষ থেকে অডিট ও তদন্তের দাবি জানানোর পর, এই অভিযোগের সত্যতা এবং পেশ করা বিলগুলির আসল উৎস নিয়ে প্রশাসনিক মহলেও তদন্তের দাবি জোরদার হতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি