
দেহরাদূন, ৩০ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডে বর্ষার দাপট অব্যাহত। বৃহস্পতিবারও রাজ্যের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর, নৈনিতাল, চম্পাবত এবং পিথোরাগড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ, বিদ্যুৎ ঝলক এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে ভূমিধসপ্রবণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত না করা, নদ-নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার আবেদন জানিয়েছে আবহাওয়া দফতর।
দেহরাদূনেও সারাদিন আংশিক থেকে ঘন মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩৮.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সোনপ্রয়াগে। এছাড়া নরেন্দ্রনগরে ৭২.৫ মিলিমিটার, পোখরিতে ৬৯.৫ মিলিমিটার এবং গোচরে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই দেহরাদূন-সহ রাজ্যের একাধিক এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে এবং আবহাওয়া মনোরম হয়ে উঠেছে। আগামী কয়েক ঘণ্টাও রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য