
গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সর্বশক্তি দিয়ে ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পগোষ্ঠী, কর্পোরেট সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এরই মধ্যে জেএসডব্লিউ স্টিল-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এ খবর দিয়ে জানান, জেএসডব্লিউ স্টিল-এর কর্ণধার সজ্জন জিন্দাল কোনও প্রচার বা পূর্বঘোষণা ছাড়া বন্যাকবলিত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা স্থানান্তর করেছেন।
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘আজ সকালে জেএসডব্লিউ স্টিল-এর সজ্জন জিন্দালের উদারতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি কাউকে কিছু না জানিয়ে বা কোনও ধরনের প্রচার ছাড়াই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা জমা করেছেন।’
তিনি আরও জানান, তহবিলের ব্যাংক স্টেটমেন্ট পর্যালোচনার সময় সরকারের দল এই অনুদানের বিষয়টি জানতে পারে। এ নিয়ে কোনও ঘোষণা বা আলোচনা হয়নি, এটি ছিল মানবিকতার এক নীরব ও অনন্য দৃষ্টান্ত।
মুখ্যমন্ত্রী বলেন, অসমবাসীর জন্য এটি গর্বের বিষয়, ওপি জিন্দল গ্রুপ-এর চেয়ারপার্সন এমেরিটাস সাবিত্রী জিন্দাল অসমের কন্যা। অসমের মানুষের পক্ষ থেকে সজ্জন জিন্দালের বিনয় ও উদারতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. হিমন্তবিশ্ব শর্মা আশ্বাস দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রাপ্ত প্রতিটি অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে অত্যন্ত স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে ব্যয় করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস