
কার্গিল, ৩০ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির জেরে কার্গিল জেলার আকচামাল এলাকার কাছে ভূমিধস নামায় বৃহস্পতিবার কার্গিল-লেহ জাতীয় সড়ক (এনএইচ-১)-এ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এদিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টির ফলে জাতীয় সড়কের উপর বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষ জমে যায়। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখতে হয়েছে।
ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে কর্মী ও যন্ত্র মোতায়েন করা হয়েছে। তবে রাস্তা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া এবং নিরাপদ বলে ঘোষণা না করা পর্যন্ত যান চলাচল বন্ধই থাকবে বলে জানিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্গিল-লেহ জাতীয় সড়কে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তার সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ারও আবেদন জানানো হয়েছে।
এই সড়ক বন্ধ থাকায় কার্গিল ও লেহের মধ্যে যাত্রী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য