গুজরাটের সাত জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা
আহমেদাবাদ, ৩০ জুলাই (হি.স.): গুজরাটের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পরিস্থিতির সম্ভাব্য অবনতির কথা মাথায় রেখে রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) সব জেলা প্রশাসনক
গুজরাটের সাত জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা


আহমেদাবাদ, ৩০ জুলাই (হি.স.): গুজরাটের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পরিস্থিতির সম্ভাব্য অবনতির কথা মাথায় রেখে রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) সব জেলা প্রশাসনকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে।

আইএমডি বানাসকাঁঠা, সাবরকাঁঠা, আরাবল্লী, মহিসাগর, পঞ্চমহল, দাহোদ এবং ছোটাউদেপুর জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া পাটন, মেহসানা, গান্ধীনগর, আমদাবাদ, খেডা, আনন্দ, ভদোদরা, ভরুচ, সুরাত, নর্মদা, তাপি, ডাং, নওসারি, ভালসাড এবং দাদরা ও নগর হাভেলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চল আপাতত গ্রিন জোনেই রয়েছে।

সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে সব জেলার জেলাশাসক এবং বিপর্যয় মোকাবিলা আধিকারিকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার ধারে ঝুঁকে থাকা গাছ, বিপজ্জনক হোর্ডিং, দুর্বল বিদ্যুতের খুঁটি এবং অস্থায়ী কাঠামো দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, জরাজীর্ণ বাড়িতে বসবাসকারীদের নিরাপদ স্থানে বা ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য পরিষেবা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এছাড়া জলমগ্ন কজওয়ে ও ঝুঁকিপূর্ণ সেতুতে যান চলাচল বন্ধ রাখা, সব দফতরের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা এবং আপদা মিত্র, হোমগার্ড, জিআরডি, এসআরডি, এনসিসি, এনএসএস, এনডিআরএফ ও এসডিআরএফ-সহ উদ্ধারকারী দলগুলিকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা এবং আবহাওয়া দফতরের নির্দেশিকা মেনে চলার জন্য সাধারণ মানুষকে আবেদন জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande