টুলু মণ্ডলের বিভিন্ন আস্তানায় হানা পুলিশের
বীরভূম, ৩০ জুলাই (হি.স.): পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্যালক মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের পরদিনই অভিযান শুরু করল পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই বীরভূমের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা টুলুর একাধিক আস্তানা ও সম্প
টুলু মণ্ডলের বিভিন্ন আস্তানায় হানা পুলিশের


বীরভূম, ৩০ জুলাই (হি.স.): পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্যালক মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের পরদিনই অভিযান শুরু করল পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই বীরভূমের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা টুলুর একাধিক আস্তানা ও সম্পত্তিতে একযোগে হানা দিয়েছে জেলা পুলিশের বিশাল বাহিনী।

বুধবার মিনারের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও পুলিশ। এর পরেই নড়েচড়ে বসে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহম্মদবাজার ও সিউড়ির একাধিক জায়গায় শুরু হয় তল্লাশি। এদিন সকালে মহম্মদবাজারে টুলুর একটি গাড়ির পার্কিংয়ে হানা দেয় পুলিশ। উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই এই পার্কিং এলাকা থেকেই বিপুল পরিমাণ বেআইনি বালি বাজেয়াপ্ত করেছিল জেলা প্রশাসন। মহম্মদবাজারের সোঁতসালে টুলুর একটি বিশাল নির্মীয়মান বাড়িতে তল্লাশি চালায় জেলা পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বাড়িটি ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ বাহিনী। পাশাপাশি, সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বাসভবনেও তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে মিনারের স্ত্রী কবিরা খাতুনের বিস্ফোরক দাবি। তিনি দাবি করেছেন, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা মিনারের নয়। প্রায় এক বছর আগে টুলু নিজেই এগুলো তাঁদের বাড়িতে গচ্ছিত রেখেছিলেন। কবিরা খাতুনের এই বয়ানের পর বালি ও পাথর ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ কালো টাকা পাচারের বিষয়টি আরও জোরালো হচ্ছে।

অন্য দিকে, টুলুর শ্যালক মিনার মণ্ডলকে মহম্মদবাজার থানা থেকে সিউড়ি আদালতে নিয়ে যাওয়া হবে এদিন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের অনুমান, এই তল্লাশি অভিযানে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande