
কলকাতা, ৩০ জুলাই (হি স)। রাজ্যে রাসায়নিক শিল্প পার্ক স্থাপনের লক্ষ্যে ‘ভারত শিল্প বিকাশ যোজনা রসায়ন’ (‘ভাব্য-রসায়ন’) প্রকল্পের সুযোগ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যসভার সাংসদ চাইছেন সিঙ্গুরে এই শিল্পকেন্দ্র গড়ে উঠুক। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে এসেছে।
চিঠিতে শমীকবাবু লিখেছেন, রাজ্যে ‘কেমিক্যাল পার্ক’ (রাসায়নিক শিল্পকেন্দ্র) তৈরির জন্য পাশাপাশি হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুরকেও এই শিল্পকেন্দ্র গড়ার জন্য বিবেচনা করা যেতে পারে বলে মনে করছেন তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি এরকম প্রকল্পের প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এই প্রকল্প ২০২৬-২৭ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছিল।
এই প্রকল্পে মোট আর্থিক ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৩,০৩০ কোটি টাকা; এর মধ্যে ৩,০০০ কোটি টাকা পার্কের অভ্যন্তরে সাধারণ পরিকাঠামো সুবিধা ও মৌলিক পরিষেবা গড়ে তোলার জন্য এবং ৩০ কোটি টাকা প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত অর্থাৎ ৫ বছর ধরে কার্যকর থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত