
ভুবনেশ্বর, ৩০ জুলাই (হি.স.): সম্ভাব্য বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ওড়িশার খুরদা জেলা প্রশাসন একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে জেলার সমস্ত স্কুল ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ৩০ জুলাই দুপুর ১টা থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, ওএভি এবং বেসরকারি সব স্কুল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার প্রশাসনের নির্দেশ অনুযায়ী জানা গেছে , ৩০ জুলাই দুপুর ১টার আগেই ছাত্রছাত্রীদের মিড-ডে মিল খাইয়ে বাড়ি পাঠাতে হবে। তবে শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মীদের যথারীতি স্কুলে উপস্থিত থাকতে হবে। আগামী চার দিন কোনও ধরনের আকস্মিক ছুটি মঞ্জুর করা হবে না বলেও জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল ভবন ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকদের ২৪ ঘণ্টা স্কুল খোলা রাখার জন্য রোস্টার ডিউটির ব্যবস্থা করতে এবং জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেছে প্রশাসন।
এছাড়া, জেলার সব স্তরের সরকারি আধিকারিকদের নিজ নিজ সদর দফতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ অনুমতি ছাড়া সদর দফতর ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একইসঙ্গে, জেলার সমস্ত সরকারি কর্মীর অনুমোদিত ছুটি অবিলম্বে বাতিল করা হয়েছে এবং যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা এবং জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জেলা প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য