
নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.) : সমাজকর্মী সোনম ওয়াংচুক দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভারতীয় রেলওয়ের ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার এক্স -এ পোস্ট করা এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, “আমরা ট্রেনে করে লাদাখের উদ্দেশে যাত্রা শুরু করেছি। ট্রেন ভ্রমণ আমার সবচেয়ে পছন্দের। দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত নতুন বন্দে ভারত পরিষেবায় এটাই আমার প্রথম সফর। চেনাব নদীর উপর নির্মিত সেতুটিও কাছ থেকে দেখার ইচ্ছা ছিল। পুরো অভিজ্ঞতাই ছিল অসাধারণ। ভারতীয় রেলওয়েকে নিয়ে আমি গর্বিত।”
তিনি আরও বলেন, কাশ্মীরে একদিন বিশ্রাম নেওয়ার পর সেখানকার নির্মল বাতাস ও জল থেকে নতুন উদ্যম নিয়ে তাঁরা লাদাখের উদ্দেশে রওনা হয়েছেন।
এর আগে এক্স-এ করা পোস্টে সোনম ওয়াংচুক লেখেন, “ভারতীয় রেলওয়েকে নিয়ে আমি গর্বিত। এবার চাই, ভারতের (সরকারের) প্রতিশ্রুতিগুলো নিয়েও একইভাবে গর্ব করতে পারি।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য