
কলকাতা, ৩০ জুলাই (হি. স.): ঐতিহাসিক ত্রিবেণী কুম্ভকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যে বাঁশবেড়িয়া পুরসভার অন্তর্গত ১৭টি গঙ্গার ঘাট পরিদর্শনে নামলেন প্রশাসনিক আধিকারিকেরা। বৃহস্পতিবার স্থানীয় বিধায়কের পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরাও এই পরিদর্শনে উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় প্রতিটি ঘাটের বর্তমান পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, নদীতীর সংরক্ষণ, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা, পানীয় জল, শৌচাগার, বসার ব্যবস্থা, তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধা, পার্কিং এবং জরুরি পরিষেবার মতো নানা বিষয় খতিয়ে দেখা হয়। এর পাশাপাশি ভবিষ্যতে এই অঞ্চলকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রাথমিক সমীক্ষার ওপর ভিত্তি করেই একটি সমন্বিত ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হবে। মূল লক্ষ্য, ত্রিবেণী কুম্ভকে কেন্দ্র করে আধুনিক ও পরিকল্পিত পরিকাঠামো গড়ে তুলে এই এলাকাকে দেশের অন্যতম প্রধান ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
প্রশাসনের আধিকারিকদের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু ঘাট সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ত্রিবেণীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে রক্ষা করে তীর্থযাত্রী, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত পরিবেশ নিশ্চিত করা। এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে ত্রিবেণী পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও ঐতিহ্য ও ধর্মীয় পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নতুন পরিচিতি পাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত