
কলকাতা, ৩০ জুলাই (হি.স.): সল্টলেকের অভিজাত এলাকা থেকে উদ্ধার হলো ষাটোর্ধ্ব দম্পতির নিথর দেহ। ঘটনাটি ঘটেছে সল্টলেকের এ-ই ব্লকে। বৃহস্পতিবার সকালে নিজেদের শোয়ার ঘর থেকেই উদ্ধার করা হয় সজলকুমার কুণ্ডু (৬৪) এবং তাঁর স্ত্রী রঞ্জনা কুণ্ডুর (৬১) মৃতদেহ। ঘর থেকে পোকা মারার বিষের বোতল উদ্ধার হওয়ায় প্রাথমিক তদন্তে বিষক্রিয়ায় মৃত্যুর সম্ভাবনা জোরালো হচ্ছে| তবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, দম্পতির ছেলে বাইরে ছিলেন| বৃহস্পতিবার সকালে বারবার বাবা-মায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু টানা ফোন বেজে গেলেও কেউ ফোন না তোলায় সন্দেহ দানা বাঁধে। এরপরই তিনি এক পরিচিত ব্যক্তিকে বিষয়টি জানিয়ে সল্টলেকের বাড়িতে খোঁজ নিতে বলেন। ওই পরিচিত ব্যক্তি সেখানে গিয়ে দেখেন বাড়ি বাইরে থেকে বন্ধ| বারবার কলিং বেল বাজিয়েও ভেতর থেকে কোনও সাড়া পাননি। উদ্বিগ্ন হয়ে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে দম্পতির ছেলেকে ও পুলিশে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ| দম্পতির ছেলেও আসেন। ঘরের ভেতরে ঢুকে দেখা যায়, শোয়ার ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। শোয়ার ঘরের খাটের ওপর থেকে দম্পতির দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক সময় ও আসল কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ