
ভোপাল/দতিয়া, ৩০ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের দতিয়া বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণতন্ত্রের এই প্রক্রিয়ায় বিপুল উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ মানুষ। জেলা নির্বাচন দফতরের তথ্য অনুযায়ী, মোট ৭১.৪৪ শতাংশ ভোট পড়েছে।
সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। যুবক-যুবতী, মহিলা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে জেলা প্রশাসন ও পুলিশ ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে।
জেলা নির্বাচন আধিকারিক স্বপ্নিল ওয়ানখেড়ে এবং পুলিশ সুপার ময়ূর খাণ্ডেলওয়ালের তত্ত্বাবধানে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা, পানীয় জল, ছাউনি, চিকিৎসা পরিষেবা এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়। গোটা ভোটগ্রহণ পর্বে প্রশাসন ও পুলিশ কড়া নজরদারি বজায় রাখে, ফলে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
জেলা নির্বাচন দফতরের তথ্য অনুযায়ী, মোট ২ লক্ষ ২০ হাজার ৪১০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১ লক্ষ ১৬ হাজার ১১৬ জন পুরুষ ভোটার (৭৪.০৯ শতাংশ), ১ লক্ষ ৪ হাজার ২৮৪ জন মহিলা ভোটার (৬৮.৪৮ শতাংশ) এবং ১০ জন তৃতীয় লিঙ্গের ভোটার (৪০ শতাংশ) ভোট দিয়েছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী সংগ্রহ কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা নির্বাচন আধিকারিক স্বপ্নিল ওয়ানখেড়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটার, নির্বাচনকর্মী, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, সংবাদমাধ্যম এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য