পশ্চিমবঙ্গে প্রথমবার তৈরি হলো এনআইএ থানা, নিউ টাউন থেকেই দায়ের হবে সমস্ত মামলা
কলকাতা, ৩০ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র নিজস্ব থানা স্থাপিত হলো। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের প্রথম এনআইএ থানা গঠনের কথা ঘোষণা করা হয়েছে। নিউ টাউনের এনবিসি
পশ্চিমবঙ্গে প্রথমবার তৈরি হলো এনআইএ থানা, নিউ টাউন থেকেই দায়ের হবে সমস্ত মামলা


কলকাতা, ৩০ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র নিজস্ব থানা স্থাপিত হলো। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের প্রথম এনআইএ থানা গঠনের কথা ঘোষণা করা হয়েছে।

নিউ টাউনের এনবিসিসি ভবনের ১৬ তলায় এনআইএ থানার কাজকর্ম শুরু করা হয়েছে। এখন থেকে পশ্চিমবঙ্গ সংক্রান্ত এনআইএ-র সমস্ত মামলার প্রথম এজাহার বা এফআইআর এই থানাতেই দায়ের করা যাবে। এর আগে রাজ্যে কোনও মামলার এফআইআর দায়ের করতে এনআইএ-কে দিল্লির সদর দফতরের ওপর নির্ভর করতে হতো।

এনআইএ দীর্ঘদিন ধরেই কলকাতায় নিজস্ব থানা খোলার পরিকল্পনা করছিল। তবে অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় রাজ্য সরকারের কথিত অসহযোগিতার কারণে এই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। কিন্তু রাজ্যে ক্ষমতা পরিবর্তনের মাত্র তিন মাসের মধ্যে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা রাজ্যে এনআইএ থানা তৈরির প্রস্তাবে অনুমোদন দেয়।

মুম্বই ও চেন্নাইয়ের মতো বড় শহরের পাশাপাশি রাঁচি, কোচি এবং ইম্ফলেও এনআইএ-র নিজস্ব থানা রয়েছে। তদন্ত সংক্রান্ত কাজকর্মকে আরও সহজ করতে এবং স্থানীয় পর্যায়ে পদক্ষেপে দ্রুততা আনতে বিভিন্ন শহরে এই ধরনের থানা গড়ে তোলা হয়।

পশ্চিমবঙ্গে এনআইএ প্রথম তদন্ত শুরু করেছিল ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ মামলা দিয়ে। তার প্রায় ১২ বছর পর রাজ্যে সংস্থাটি নিজস্ব থানা পেল।

জানা গেছে, গত ২২ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এনআইএ থানা গঠনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। এর পরেই এই এনআইএ থানা স্থাপনকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা বিষয়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande