পকেটমারির চেষ্টা, হাতেনাতে ধৃত যুবক, উত্তেজনা জিবি হাসপাতালে
আগরতলা, ৩০ জুলাই (হি.স.) : ত্রিপুরার সর্ববৃহৎ সরকারি চিকিৎসাকেন্দ্র জিবিপি হাসপাতালে ফের চুরি ও পকেটমারির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের বহির্বিভাগে (ওপিডি) জনৈক রোগীর আত্মীয়ের মানিব্যাগ চুরি করতে গিয়ে হাতেনাতে ধর
পকেটমার আটক


আগরতলা, ৩০ জুলাই (হি.স.) : ত্রিপুরার সর্ববৃহৎ সরকারি চিকিৎসাকেন্দ্র জিবিপি হাসপাতালে ফের চুরি ও পকেটমারির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের বহির্বিভাগে (ওপিডি) জনৈক রোগীর আত্মীয়ের মানিব্যাগ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যুবক। পরে উপস্থিত জনতা তাঁকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

জানা গেছে, তেলিয়ামুড়া থেকে অসুস্থ পিতাকে চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে আসেন গোবিন্দ দাস। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করানোর জন্য তিনি বহির্বিভাগের ২৫ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময় ভিড়ের সুযোগ নিয়ে এক যুবক তাঁর পেছনের পকেট থেকে মানিব্যাগ বের করার চেষ্টা করে।

পাশের লাইনে দাঁড়িয়ে থাকা জনৈক সতর্ক মহিলা পুরো ঘটনাটি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গোবিন্দ দাসকে বিষয়টি জানিয়ে দেন। খবর পেয়ে তিনি দ্রুত ওই যুবককে ধরে ফেলেন। এরপর সেখানে উপস্থিত অন্যান্য রোগীর পরিজনরাও এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর গোবিন্দ দাস জানান, তাঁর প্যান্টের পেছনের পকেটে বোতাম লাগানো থাকায় অভিযুক্ত মানিব্যাগটি বের করতে পারেনি। ওই মানিব্যাগে তাঁর পিতার চিকিৎসার জন্য রাখা প্রায় ১২ হাজার টাকা ছিল। সামান্য অসতর্কতা হলে চিকিৎসার জন্য আনা পুরো টাকাই খোয়া যেত বলে তিনি জানান। এই ঘটনায় তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগ, জিবিপি হাসপাতালে সাম্প্রতিক সময়ে চুরি, পকেটমারি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুষ্কৃতীরা সুযোগ নিচ্ছে। পুলিশ ও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি নিরাপত্তাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে, অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সে একাই এই ঘটনার সঙ্গে জড়িত নাকি এর পেছনে কোনও পকেটমার চক্র সক্রিয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি আরও কার্যকর করার দাবিও উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande