প্রকাশ্য দিবালোকে বৃদ্ধার চোখে লঙ্কা-লবণ ছিটিয়ে স্বর্ণের হার ছিনতাইয়ের চেষ্টা, ধৃত মহিলা
আগরতলা, ৩০ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলা শহরের বাধারঘাট মাতৃপল্লী এলাকায় প্রকাশ্য দিবালোকে জনৈক বৃদ্ধার বাড়িতে ঢুকে চোখে লঙ্কা-লবণ ছিটিয়ে স্বর্ণের হার ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযু
আটক


আগরতলা, ৩০ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলা শহরের বাধারঘাট মাতৃপল্লী এলাকায় প্রকাশ্য দিবালোকে জনৈক বৃদ্ধার বাড়িতে ঢুকে চোখে লঙ্কা-লবণ ছিটিয়ে স্বর্ণের হার ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্ত মহিলাকে হাতেনাতে আটক করে আমতলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে দূরদর্শন স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকায় বসবাস করেন মতি মিত্র ও তাঁর স্ত্রী বাণী মিত্র। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা বাণী মিত্র। দুপুর একটা নাগাদ জনৈক মহিলা তাঁদের বাড়িতে আসেন। বাণী মিত্রের দাবি, তিনি মহিলাকে আগে থেকে চিনলেও তাঁর নাম জানতেন না। পরিচিত হওয়ায় তিনি মহিলাকে বাড়ির ভিতরে বসতে দেন এবং দীর্ঘক্ষণ বসে থাকায় খাবার খাওয়ারও অনুরোধ জানান। তবে ওই মহিলা খাবার খেতে অস্বীকার করেন।

অভিযোগ, কিছুক্ষণ কথাবার্তা বলার পর আচমকাই ওই মহিলা নিজের ব্যাগ থেকে একটি কাগজে মোড়ানো পুটলি বের করেন। পুটলির ভিতরে থাকা লবণ মেশানো গুঁড়ো লঙ্কা বৃদ্ধার চোখ ও মুখে ছিটিয়ে দেন। হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে পড়লেও পরিস্থিতি বুঝতে পেরে বাণী মিত্র নিজের গলায় থাকা স্বর্ণের হার শক্ত করে চেপে ধরেন এবং জোরে চিৎকার শুরু করেন।

বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে অভিযুক্ত মহিলাকে আটক করেন। স্থানীয় মহিলারা তাঁকে ঘিরে ফেলেন এবং উত্তেজিত জনতা তাঁকে মারধরও করে বলে জানা গেছে। পরে অভিযুক্ত মহিলা নিজের ব্যাগ থেকে স্বর্ণের চেইনটি বের করে স্থানীয়দের হাতে তুলে দেন। ঘটনায় আতঙ্কিত বাণী মিত্র পরে সমগ্র ঘটনার বিবরণ সংবাদমাধ্যমকে জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মহিলার বাড়ি সিদ্ধি আশ্রম সংলগ্ন পুলিশ কোয়ার্টার এলাকায়। তাঁর স্বামী সুভাষ গান্ধী, যিনি টিএসআর-এর গাড়িচালক হিসেবে কর্মরত বলে এলাকাবাসীর দাবি। তবে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতলি থানার পুলিশ। অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে কী ধারায় মামলা রুজু করা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে পূর্বে এ ধরনের কোনও অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দিনের আলোয় একা থাকা বৃদ্ধাকে লক্ষ্য করে এ ধরনের ছিনতাইয়ের চেষ্টা রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande