অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' শিবির মামলায় বড় পদক্ষেপ, বাতিল ক্লিনিকের লাইসেন্স
দক্ষিণ ২৪ পরগনা, ৩১ জুলাই (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ''সেবাশ্রয়'' শিবিরে ব্যবহার করার অভিযোগে আগেই একটি আল্ট্রাসনোগ্রাফি (ইউএসজি) মেশিন বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার নিয়ম ভেঙে ইউএসজি মেশিন অন্যত্র স্থানান্তরিত করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার নোদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' শিবির মামলায় বড় পদক্ষেপ, বাতিল ক্লিনিকের লাইসেন্স


দক্ষিণ ২৪ পরগনা, ৩১ জুলাই (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' শিবিরে ব্যবহার করার অভিযোগে আগেই একটি আল্ট্রাসনোগ্রাফি (ইউএসজি) মেশিন বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার নিয়ম ভেঙে ইউএসজি মেশিন অন্যত্র স্থানান্তরিত করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির একটি ক্লিনিকের লাইসেন্স বাতিল করল রাজ্য স্বাস্থ্য দফতর।

পুলিশ সূত্রে জানা গেছে, ডায়মন্ড হারবারের কোপাহাট স্থিত একটি হাসপাতাল থেকে ওই ইউএসজি মেশিনটি বাজেয়াপ্ত করা হয়েছিল। এর পর সেটি ডায়মন্ড হারবার থানার মালখানায় রাখা হয়।

গত ২৩ জুলাই জেলা স্বাস্থ্য আধিকারিকেরা নোদাখালির ওই ক্লিনিকে পরিদর্শন চালান এবং ইউএসজি মেশিন সংক্রান্ত নথি দেখতে চান। অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ কোনো বৈধ নথি দেখাতে পারেনি। তদন্তে আরও দেখা যায়, ক্লিনিকে ইউএসজি ঘরের অস্তিত্ব থাকলেও সেখানে কোনো মেশিন ছিল না। এরপরই ক্লিনিকের কাছে কৈফিয়ত তলব করা হয়।

স্বাস্থ্য দফতরের তদন্তে সামনে আসে যে মেশিনটি ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর এসডিপিও বাজেয়াপ্ত করেছিলেন। দফতরের তরফে জানানো হয়, মেশিনটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এর পরই ক্লিনিকটিকে 'শো-কজ' নোটিশ পাঠানো হয়।

২৮ জুলাই জেলা স্বাস্থ্য দফতরে এই মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন ক্লিনিক কর্তৃপক্ষ স্বীকার করে নেয় যে, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ইউএসজি মেশিনটি অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় স্বাস্থ্য দফতর ক্লিনিকটির লাইসেন্স বাতিল করে দেয়।

উল্লেখ্য, 'সেবাশ্রয়' শিবির নিয়ে আগেই একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, 'প্রাক-গর্ভধারণ ও প্রাক-জন্ম নির্ণয় প্রযুক্তি আইন' লঙ্ঘন করে বিভিন্ন হাসপাতাল থেকে আল্ট্রাসনোগ্রাফি মেশিন বের করে নিয়ে গিয়ে শিবিরে রোগীদের পরীক্ষা করা হয়েছে।

এই সমস্ত অভিযোগের পর ঘটনার তদন্ত শুরু হয়। সম্প্রতি বিধানসভায় 'সেবাশ্রয়' নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দাবি করেছিলেন যে, বিভিন্ন হাসপাতাল থেকে আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে মেশিন বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারি হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরও এই শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজে লাগানো হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande