পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে বিক্ষোভে ক্ষোভ সন্ত সমিতির, নিঃশর্ত ক্ষমা ও সাংসদ পদ খারিজের দাবি
নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): সংসদ চত্বরে রামমন্দিরে অনুদানের অর্থে কথিত অনিয়মের প্রতিবাদে গেরুয়া পোশাক পরে বিক্ষোভে অংশ নেওয়া পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদবকে ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। এই ঘটনাকে সনাতন ধর্ম ও সাধু-সন্তদের মর্যাদার অবমাননা বলে দাব
পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে বিক্ষোভে ক্ষোভ সন্ত সমিতির, নিঃশর্ত ক্ষমা ও সাংসদ পদ খারিজের দাবি


নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): সংসদ চত্বরে রামমন্দিরে অনুদানের অর্থে কথিত অনিয়মের প্রতিবাদে গেরুয়া পোশাক পরে বিক্ষোভে অংশ নেওয়া পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদবকে ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। এই ঘটনাকে সনাতন ধর্ম ও সাধু-সন্তদের মর্যাদার অবমাননা বলে দাবি করেছে অখিল ভারতীয় সন্ত সমিতি।

সংগঠনের সর্বভারতীয় মহামন্ত্রী স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী বলেন, সংসদের মতো পবিত্র স্থানের অপব্যবহার করে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে পাপ্পু যাদবের সাংসদ পদ খারিজের দাবি জানান। পাশাপাশি, দেশের হিন্দু সমাজের কাছে তাঁর নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি।

স্বামী জিতেন্দ্রানন্দের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের নীরব সমর্থন রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক লড়াই করা যেতে পারে, কিন্তু তার আড়ালে সনাতন ধর্ম ও সাধু-সন্তদের ত্যাগ-তপস্যাকে অসম্মান করার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

রামমন্দির সংক্রান্ত প্রসঙ্গে তিনি বলেন, অযোধ্যার সাধু-সন্তরা ইতিমধ্যেই তাঁদের অবস্থান স্পষ্ট করেছেন। অনুদানের অর্থে অনিয়মের অভিযোগে যারা দোষী, তাদের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) এবং সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, শুক্রবার সংসদের বাদল অধিবেশনে অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থে কথিত অনিয়মের অভিযোগ তুলে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখান। সেই সময় পাপ্পু যাদব গেরুয়া পোশাক পরে পুরোহিতের বেশে সংসদ চত্বরে প্রতিবাদে অংশ নেন, যার পরেই এই বিতর্কের সূত্রপাত|

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande