দুর্যোগপূর্ণ আবহাওয়া, বালতাল রুটে স্থগিত অমরনাথ যাত্রা
শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.): প্রতিকূল আবহাওয়া এবং পথ মেরামতের কারণে বালতাল ও পহেলগাম— উভয় রুটেই স্থগিত বার্ষিক অমরনাথ যাত্রা। প্রসঙ্গত, পহেলগাম রুটটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে, বৃহস্পতিবার রাতে বালতাল এলাকায় মুষলধারে বৃষ্টির পর আচমকা বন্য
দুর্যোগপূর্ণ আবহাওয়া, বালতাল রুটে স্থগিত অমরনাথ যাত্রা


শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.): প্রতিকূল আবহাওয়া এবং পথ মেরামতের কারণে বালতাল ও পহেলগাম— উভয় রুটেই স্থগিত বার্ষিক অমরনাথ যাত্রা। প্রসঙ্গত, পহেলগাম রুটটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার রাতে বালতাল এলাকায় মুষলধারে বৃষ্টির পর আচমকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় শুক্রবার সকাল থেকেই বালতাল পথ দিয়ে তীর্থযাত্রীদের পবিত্র গুহা মন্দিরের অভিমুখে যেতে নিষেধ করেছে প্রশাসন।

ক্ষতিগ্রস্ত পথগুলোতে দ্রুত গতিতে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

অন্যদিকে, উধমপুর এবং রামবানে মেরামতের কাজের কারণে শুক্রবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ ছিল। তা সত্ত্বেও, এদিন সকালে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথ তীর্থযাত্রীদের একটি দল রওনা হয়। যান চলাচলের জন্য রাস্তা বন্ধ হওয়ার আগেই দলটি ওই এলাকাগুলো অতিক্রম করে গিয়েছিল।

উল্লেখ্য, বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা ৩ জুলাই শুরু হয়েছিল এবং প্রায় সাড়ে ৪ লক্ষ তীর্থযাত্রী ইতিমধ্যেই গুহা মন্দির দর্শন করেছেন। এই তীর্থযাত্রা ২৮ আগস্ট সম্পন্ন হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande