
আরামবাগ , ৩১ জুলাই (হি.স.): অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেও সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে শুক্রবার হুগলির খানাকুল-১ বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন একদল মহিলা। তাঁদের অভিযোগ, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অনেক আবেদনকারী এখনও প্রকল্পের সুবিধা পাননি।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের যোগ্যতা ও আবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বহু মানুষের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে। ফলে অনেক আবেদনকারী প্রয়োজনীয় তথ্য জানতে বিডিও অফিসে যোগাযোগ করছেন।
শুক্রবারের বিক্ষোভে বিজেপির মহিলা মোর্চার কয়েকজন নেত্রীও উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে যোগ্য আবেদনকারীদের প্রকল্পের আওতায় আনা হোক।
বিক্ষোভে নেতৃত্বদানকারী বিজেপি মহিলা মোর্চার নেত্রী পিয়ালি জানা অভিযোগ করেন, খানাকুল-১ বিডিও অফিসে আবেদনকারীরা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না এবং তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভ চলাকালীন উত্তেজিত মহিলারা বিডিওর অপসারণের দাবিও তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিষয়টি দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA