
বস্তি, ৩১ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশের বস্তি জেলায় প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন (এফডিএ)-র অত্যাধুনিক ভবন হস্তান্তরের মাত্র সাত মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেওয়ায় নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় দুর্নীতি ও নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জেলা মিডিয়া প্রভারি অজয় পাল সিং।
জেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত ভবনটির একাধিক দেওয়ালে ফাটল দেখা গেছে। পাশাপাশি ভবন চত্বরে নির্মিত আরসিসি রাস্তারও বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। ফলে নির্মাণকাজের মান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, উত্তর প্রদেশ সিডক ২০২৫ সালে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করে। ২০২৬ সালের জানুয়ারিতে ভবনটি খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন দফতরের হাতে তুলে দেওয়া হয়। এরপর থেকেই সেখানে আঞ্চলিক খাদ্য সুরক্ষা ও ওষুধ পরীক্ষাগার এবং দফতরের কাজ শুরু হয়। কিন্তু ব্যবহার শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই ভবনের দেওয়ালে ফাটল এবং চত্বরের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সামনে আসে।
অন্যদিকে, নির্মাণকাজের সঙ্গে যুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার রামধন দাবি করেছেন, ভবনের দেওয়ালে যে ফাটল দেখা দিয়েছে তা ‘এয়ার ক্র্যাক’ বা উপরিভাগের ফাটল। তাঁর বক্তব্য, প্রয়োজনীয় মেরামতির মাধ্যমে এগুলি ঠিক করে দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য