
হালিশহর, ৩১ জুলাই (হি. স.) : ব্যাঙ্ক থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ দীর্ঘ দিন ধরে পরিশোধ না করায় এক কড়া ও নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শুক্রবার পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে হালিশহর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে উপস্থিত হয়ে সম্পূর্ণ সম্পত্তির দখল নেন ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকেরা। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের মধ্যে বাড়িটি বাজেয়াপ্ত করে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রাক্তন কাউন্সিলর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও সেই ঋণের একটি কিস্তিও তিনি পরিশোধ করেননি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে একাধিকবার বকেয়া ঋণ মেটানোর জন্য লিখিত নোটিশ ও আইনি সতর্কবার্তা পাঠানো হয়েছিল। তা সত্ত্বেও বকেয়া অর্থ জমা না দেওয়ায় শেষ পর্যন্ত কঠোর আইনি পথ বেছে নিতে বাধ্য হয় ব্যাঙ্ক প্রশাসন।
শুক্রবার সকালে ব্যাঙ্কের আধিকারিক দল একদল সশস্ত্র পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে প্রাক্তন কাউন্সিলরের বাসভবনে পৌঁছান। ব্যাঙ্কের আধিকারিকেরা আইনি প্রক্রিয়ার যাবতীয় নিয়মকানুন ও নথি পেশ করে বাড়ির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেন। পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে এনে পুরো ভবনটিতে তালা ঝুলিয়ে সিলগালা করে দেওয়া হয় এবং আইনি বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি