আসাম সিবিজি কম্প্রেসড বায়োগ্যাস পলিসি সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার
গুয়াহাটি, ৩১ জুলাই (হি.স.) : পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং রাজ্যে কম্প্রেসড বায়োগ্যাস (সিবিজি) শিল্পের বিকাশে সুসংহত কাঠামো গড়ে তুলতে কম্প্রেসড বায়োগ্যাস পলিসি, ২০২৬-এ অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ, পরিবেশ
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ৩১ জুলাই (হি.স.) : পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং রাজ্যে কম্প্রেসড বায়োগ্যাস (সিবিজি) শিল্পের বিকাশে সুসংহত কাঠামো গড়ে তুলতে কম্প্রেসড বায়োগ্যাস পলিসি, ২০২৬-এ অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ, পরিবেশ সংরক্ষণ, ওজন ও পরিমাপ, পশুপালন ও পশুচিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে অসম মন্ত্রিসভা।

আজ শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির নির্যাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, কম্প্রেসড বায়োগ্যাস প্ৰকল্পগুলির জন্য সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থার নোডাল সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হবে শিল্প ও বাণিজ্য কমিশনারকে। এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি ছয়টি মূল স্তম্ভের ভিত্তিতে একটি সমন্বিত সহায়তা ও প্রণোদনা কাঠামো চালু করা হবে, যাতে বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি রাজ্যে পরিচ্ছন্ন জ্বালানি পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণ সম্ভব হয়।

পরিবেশ সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গোয়ালপাড়া জেলার অন্তৰ্গত রাক্ষসিনী প্রস্তাবিত সংরক্ষিত বন এবং থারকো নলবাড়ি প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে বনাঞ্চল সম্প্রসারণ এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলির সংরক্ষণে জোরদার উদ্যোগ নেওয়া সম্ভব হবে, আশা ব্যক্ত করেছেন ড. শর্মা।

এছাড়া ‘আসাম লিগাল মেট্রোলজি (সরকার অনুমোদিত পরীক্ষাকেন্দ্র) বিধিমালা ২০২৬’-এর সংশোধনেও মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ওজন ও পরিমাপ সংক্রান্ত যন্ত্রের ক্ষেত্রে প্রস্তুতকারক সংস্থাগুলি সেল্ফ-সাৰ্টিফিক্যাশন করতে পারবে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে শংসাপত্র গ্রহণের সুযোগও থাকবে। এর ফলে নিয়ন্ত্রক জটিলতা কমবে এবং শিল্পক্ষেত্রে ব্যবসা পরিচালনা আরও সহজ হবে।

মন্ত্রিসভা আসাম অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সাবর্ডিনেট সার্ভিস (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬-এর সংশোধনেও মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। এই সংশোধনের মাধ্যমে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টদের নিয়োগ ও পরিষেবা সংক্রান্ত বিধি আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করা হবে। মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি পরিষেবার শর্তাবলিতেও অধিকতর সামঞ্জস্য আনার লক্ষ্য রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande