
আরারিয়া, ৩১ জুলাই (হি.স.) : বিহারের আরারিয়া জেলার ফুলকাহা থানার পুলিশ ও এসএসবি-র যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও মাদক উদ্ধার হয়েছে। মিলকি ডুমরিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২.৪২ কেজি গাঁজা এবং ১০ লক্ষ ৮৮ হাজার ৭০০ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযানের সময় বাড়িতে উপস্থিত অভিযুক্ত বৈজনাথ বহরদারের দুই স্ত্রী—অমলা দেবী ও সীমা দেবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত বৈজনাথ বহরদার এবং তাঁর ছেলে পঙ্কজ বহরদার পুলিশি অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।
নারপতগঞ্জের রাজস্ব আধিকারিক রামউদগার চৌপালের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়। নেতৃত্ব দেন ফুলকাহা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ কুমার মৌর্য। অভিযানে থানার অন্যান্য পুলিশকর্মীদের পাশাপাশি এসএসবি-র আধিকারিক ও জওয়ানরাও অংশ নেন।
পুলিশ জানিয়েছে, বৈজনাথ বহরদার ও তাঁর ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক পাচারের অভিযোগ রয়েছে। এই অবৈধ ব্যবসার মাধ্যমেই তারা বিপুল সম্পত্তি অর্জন করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য