
কোচবিহার, ৩০ জুলাই (হি.স.): একটি জলাশয় থেকে এক সদ্যবিবাহিতা গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে কোচবিহার জেলার মাথাভাঙা ২ নম্বর ব্লকের জয়ন্তীর হাট বাজার সংলগ্ন এলাকার ঘটনা| স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বধূর নাম বন্দনা রায়। তিনি মাথাভাঙার নিশিগঞ্জ ২ নম্বর পঞ্চায়েতের ভোগমারা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, দু'মাস আগে বন্দনা দেবীর বিয়ে হয়েছিল। শুক্রবার ভোরে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য নানা স্থানে তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। সকালে জয়ন্তীর হাট বাজার সংলগ্ন একটি জলাশয়ে বন্দনা দেবীর দেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ