
হুগলি, ৩১ জুলাই (হি.স.): হুগলিতে মাটির বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে বাবা ও মেয়ের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হুগলির মগরার গজঘণ্টা মালিক পাড়ায়। মৃতের নাম গৌড় মালিক (৫৬) এবং মাম মালিক (১২)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রের খবর, গৌড় পেশায় সব্জি বিক্রেতা। মেয়েকে নিয়ে মাটির বাড়িতেই থাকতেন তিনি। এক ছেলে প্রসেনজিৎ মালিক কর্ম সূত্রে বাইরে থাকেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখেন স্থানীয় বাসিন্দা গৌর মালিকের মাটির বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়েন গৌড় এবং তাঁর কিশোরী মেয়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ