হরিদ্বারে জলে তলিয়ে মৃত চার কাঁওড়িয়া তীর্থযাত্রী
হরিদ্বার, ৩১ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বারের জ্বালাপুর কোতোয়ালি এলাকার জাটওয়াড়া সেতুর কাছে শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনায় গঙ্গা খালে ডুবে চার কাঁওড়িয়া তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই চণ্ডীগড়ের বাসিন্দা এবং কাঁওড় যাত্রায় অংশ
হরিদ্বারে জলে তলিয়ে মৃত চার কাঁওড়িয়া তীর্থযাত্রী


হরিদ্বার, ৩১ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বারের জ্বালাপুর কোতোয়ালি এলাকার জাটওয়াড়া সেতুর কাছে শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনায় গঙ্গা খালে ডুবে চার কাঁওড়িয়া তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই চণ্ডীগড়ের বাসিন্দা এবং কাঁওড় যাত্রায় অংশ নিতে হরিদ্বারে এসেছিলেন। তাঁদের বয়স আনুমানিক ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাটওয়াড়া সেতুর কাছে স্নানের সময় এক কাঁওড়িয়া গভীর জলে তলিয়ে যেতে শুরু করেন। তাঁকে উদ্ধার করতে তাঁর আরও তিন সঙ্গী জলে নামেন। কিন্তু গভীরতার সঠিক আন্দাজ করতে না পেরে তাঁরাও স্রোতে তলিয়ে যান। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, গঙ্গা খালে পলি পরিষ্কারের কাজ চলায় জলস্তর কমে গিয়েছিল। সেই কারণে অনেক ভক্ত মাঝধারা পর্যন্ত চলে যান। এ সময়ই গভীর গর্তে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে জল পুলিশ, স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ উদ্ধারকাজের পর চারজনের দেহ উদ্ধার করা হয়।

এসপি (সিটি) অভয় সিং জানান, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হয়েছে।

কাঁওড় মেলার সময় পুলিশ-প্রশাসন তীর্থযাত্রীদের শুধুমাত্র নির্ধারিত ও নিরাপদ ঘাটে স্নান করার এবং গঙ্গা বা গঙ্গা খালের মূল স্রোত ও গভীর জলে না নামার আবেদন জানিয়েছে, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande