
বর্ধমান, ৩১ জুলাই (হি.স.): বর্ধমানে পাকড়াও কাশ্মীরের এক জঙ্গি। ধৃত জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য। নাম হামিম মণ্ডল। তাকে শুক্রবার সকালে বর্ধমানের রেনেসাঁ হাউজিং নামে একটি অভিজাত আবাসন থেকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে হামলার ছক কষছিল সে।
শুক্রবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের অভিজাত আবাসন ‘রেনেসাঁ কমপ্লেক্স’-এ অভিযান চালিয়ে জইশ-ই-মহম্মদের সদস্য হামিমকে গ্রেফতার করে এসটিএফ। সে সময়ে ঘরের মধ্যে জিম করছিল অভিযুক্ত। সূত্রের দাবি, হামিমের সঙ্গে ওই ঘরে আরও একজন উপস্থিত ছিল। বর্তমানে সে পলাতক। তার খোঁজে চলছে অনুসন্ধান। গোয়েন্দারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধিতে নজর রাখছিল হামিম। নিউ টাউনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাটের অনতিদূরেও ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সে। এ ছাড়া প্রাথমিক তদন্তে প্রকাশ যে, সরকারের যাবতীয় গতিবিধি, বিশেষ করে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখছিল সে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ