অস্ট্রেলিয়ার কমনওয়েলথ যুব সংসদে ভারতের প্রতিনিধিত্ব মেঘালয়-কন্যা নন্দিনী ইশভি ও. সাংমার
মেঘালয়ের মাতৃতান্ত্রিক সমাজ, গণতন্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের পক্ষে সওয়াল নন্দিনীর শিলং, ৩১ জুলাই (হি.স.) : অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ত্রয়োদশ কমনওয়েলথ যুব সংসদ (কমনওয়েলথ ইয়ুথ পাৰ্লিয়ামেন্ট)-এ ভারতের প্রতিনিধিত্ব করে মে
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ যুব সংসদে মেঘালয়–কন্যা নন্দিনী ইশভি ও. সাংমা


মেঘালয়ের মাতৃতান্ত্রিক সমাজ, গণতন্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের পক্ষে সওয়াল নন্দিনীর

শিলং, ৩১ জুলাই (হি.স.) : অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ত্রয়োদশ কমনওয়েলথ যুব সংসদ (কমনওয়েলথ ইয়ুথ পাৰ্লিয়ামেন্ট)-এ ভারতের প্রতিনিধিত্ব করে মেঘালয়কে গর্বিত করেছেন নন্দিনী ইশভি ও. সাংমা। তিনি মেঘালয়ের তুরায় অবস্থিত ডন বসকো কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী।

কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক মঞ্চে মেঘালয়-কন্যা নন্দিনী দুটি গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করেছেন। সেখানে তিনি মেঘালয়ের মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা, বিখ্যাত লিভিং রুট ব্রাইডস্, প্রাকৃতিক ঐতিহ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন। মেঘালয়কে বিশ্বের অন্যতম সর্বাধিক বৃষ্টিপাতপ্রবণ অঞ্চল এবং ‘ভারতের রক সংগীতের রাজধানী’ (রক ক্যাপিটাল অব ইন্ডিয়া) হিসেবে উল্লেখ করেছেন নন্দিনী ইশভি।

মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে নন্দিনী বলেন, মেঘালয়ে পারিবারিক বংশপরম্পরা মায়ের সূত্রে নির্ধারিত হয় এবং পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা ঐতিহ্যগতভাবে সম্পত্তির উত্তরাধিকারী হন। তবে তিনি স্পষ্ট করেন, এই সামাজিক ব্যবস্থা পুরুষদের ঊর্ধ্বে স্থান দেয় না নারীদের। তাঁর বক্তব্য, মাতৃতান্ত্রিক প্রথা একটি স্বতন্ত্র সামাজিক কাঠামোর পরিচায়ক হলেও তা স্বয়ংক্রিয়ভাবে লিঙ্গসমতা নিশ্চিত করে না।

নারীর অধিকার প্রসঙ্গে বক্তব্য পেশ করতে গিয়ে নন্দিনী ইশভি ও. সাংমা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও বিশ্বের বিভিন্ন প্রান্তে নারীরা এখনও শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার শিকার হচ্ছেন। বৈশ্বিক স্তরে সমতা, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা রক্ষায় আরও দৃঢ় অঙ্গীকারের আহ্বান জানান তিনি।

‘আৰ্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেমোক্ৰ্যাটিক ইন্টিগ্ৰিটি বিল ২০২৬’-এর ওপর বিতর্কে অংশগ্রহণ করে নন্দিনী বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (আৰ্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই)-র বিপুল সম্ভাবনা রয়েছে। তবে এই প্রযুক্তির বিকাশ এমনভাবে হওয়া উচিত, যাতে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে এবং মানবিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়।

তিনি আরও বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন কখনও মানুষের বিচারবুদ্ধি, বিবেক ও গণতান্ত্রিক জবাবদিহিতার বিকল্প হতে পারে না, বরং এগুলির পরিপূরক হিসেবেই কাজ করা উচিত।

এদিকে কমনওয়েলথ ইয়ুথ পাৰ্লিয়ামেন্ট-এ ভারতের প্রতিনিধিত্বের জন্য নন্দিনীর নাম মনোনীত করেছিলেন মেঘালয় বিধানসভার স্পিকার থমাস এ. সাংমা। এই উদ্যোগে সমর্থন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী কনরাড কঙ্খল সাংমা।

আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে নন্দিনী ইশভি ও. সাংমা শুধু মেঘালয় নয়, সমগ্র উত্তরপূর্ব ভারতের যুবসমাজের জন্য এক অনুপ্রেরণার নজির স্থাপন করেছেন বলে বিভিন্ন মহলে তাঁর ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande