দার্জিলিং বেড়াতে গিয়ে কিশানগঞ্জে উদ্ধার তিন নাবালক, তৎপরতায় সাফল্য বারুইপুর থানার পুলিশের
বারুইপুর, ৩১ জুলাই (হি.স.) : বাড়ির কাউকে কিছু না জানিয়ে দার্জিলিং বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল তিন নাবালক। শেষ পর্যন্ত বিহারের কিশানগঞ্জ রেল স্টেশন থেকে তাদের উদ্ধার করে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনল বারুইপুর থানার পুলিশ। ঘটনায় স্বস্তি
দার্জিলিং বেড়াতে গিয়ে কিশানগঞ্জে উদ্ধার তিন নাবালক, তৎপরতায় সাফল্য বারুইপুর থানার পুলিশের


বারুইপুর, ৩১ জুলাই (হি.স.) : বাড়ির কাউকে কিছু না জানিয়ে দার্জিলিং বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল তিন নাবালক। শেষ পর্যন্ত বিহারের কিশানগঞ্জ রেল স্টেশন থেকে তাদের উদ্ধার করে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনল বারুইপুর থানার পুলিশ। ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিন পড়ুয়ার পরিবার।

শুক্রবার পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর মন্দিরপাড়া এলাকার তিন নাবালক বাড়ি থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে। তাদের বয়স যথাক্রমে ১৫, ১৩ ও ১১ বছর। তারা মল্লিকপুর আবদার শুক্কুর হাইস্কুলের নবম, সপ্তম ও পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারের কাউকে কিছু না জানিয়েই প্রথমে মল্লিকপুর স্টেশন থেকে ট্রেনে শিয়ালদহে পৌঁছায় তারা। এরপর রেলের কাউন্টার থেকে নিউ জলপাইগুড়ির টিকিট কেটে দার্জিলিং মেলে ওঠে। তাদের উদ্দেশ্য ছিল দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া।

সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না মেলায় বুধবার বারুইপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন অভিভাবকেরা। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ। এসআই শংকর অধিকারীর নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল বিভিন্ন জেলা পুলিশ, রেলওয়ে জিআরপি এবং আরপিএফের সঙ্গে যোগাযোগ শুরু করে। সেই তৎপরতার ফলেই বিহারের কিশানগঞ্জ রেল স্টেশনের আরপিএফ তিন নাবালকের সন্ধান পেয়ে বারুইপুর থানাকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত কিশানগঞ্জে গিয়ে তিন নাবালককে উদ্ধার করে নিরাপদে বারুইপুরে ফিরিয়ে আনে।

নাবালকরা জানিয়েছে, বই পড়ে বিভিন্ন ছবি দেখে পাহাড়ে বেড়ানোর ইচ্ছে হয়েছিল ওদের। সেই কারণেই তিন বন্ধু মিলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছিল ওরা। নাবালকের বাবা এমডি মেহেতাব ওস্তাদ বলেন, “ছেলেরা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পুলিশের দ্রুত পদক্ষেপ এবং বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগে তাদের সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় পরিবার অত্যন্ত স্বস্তি পেয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তিন নাবালককে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফুলতলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)-র কাছে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শুক্রবার তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande