
লোহারদাগা, ৩১ জুলাই (হি.স.): ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ দম্পতি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বরিশ আনসারি (২৪) ও সনিয়া আনসারি (২১)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার একটি বাইক চেপে যাচ্ছিলেন ওই দম্পতি। যাত্রাপথে আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা মারে তাঁদের বাইকটিকে। ধাক্কা এতটাই জোরালো ছিল যে, বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান বরিশ ও সনিয়া।
দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন| খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’জনের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘাতক লরিটি আটক করেছে। তবে চম্পট দেয় চালক। চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ