
আরামবাগ , ৩১ জুলাই (হি.স.): রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রশাসনিক পুনর্গঠনের উদ্যোগের মধ্যেই বহু প্রতীক্ষিত কামারপুকুর পৌরসভা গঠনের প্রক্রিয়ায় আরও একধাপ অগ্রগতি হল। শুক্রবার গোঘাট-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর দফতরে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, বিডিও, বিএলআরও, কংগ্রেস প্রতিনিধি মোহর চাঁদ আহমেদ, সিপিআই(এম)-এর প্রতিনিধি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনায় পৌরসভার প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা, কার্যালয়ের জন্য সরকারি জমি চিহ্নিতকরণ, নাগরিক পরিষেবা কেন্দ্র, পানীয় জল, রাস্তা, আলোকসজ্জা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএলআরও সরকারি জমির অবস্থান ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তথ্য তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা বলেন, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কারণে কামারপুকুরে প্রতি বছর বহু পর্যটক ও ভক্তের সমাগম হয়। তাই পৌরসভা গঠিত হলে নাগরিক পরিষেবার পাশাপাশি পর্যটন পরিকাঠামোরও উল্লেখযোগ্য উন্নতি হবে।
বৈঠক শেষে বিধায়ক প্রশান্ত দিগার জানান, কামারপুকুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে সরকার আন্তরিক। দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে পৌরসভা গঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA