'কালো দিবস' পালন করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ
আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে কালো ব্যাজ ধারণ করে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। শুক্রবার সংগঠনের ডাকে বিভিন্ন সরকারি দফতরে কর্মরত অনিয়মিত কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন এবং
কালো দিবস পালিত


আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে কালো ব্যাজ ধারণ করে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। শুক্রবার সংগঠনের ডাকে বিভিন্ন সরকারি দফতরে কর্মরত অনিয়মিত কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়মিতকরণের দাবিতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

সংগঠনের দাবি, ২০১৮ সালের ৩১ জুলাই রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য চালু থাকা পূর্ববর্তী স্কিমটি প্রত্যাহার করে নেয়। ওই সিদ্ধান্তের প্রতিবাদ ও দিনটিকে স্মরণে রাখতেই প্রতি বছরের মতো এবারও 'কালো দিবস' পালন করা হয়েছে।

ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে অনিয়মিত কর্মচারীদের দ্রুত নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার পূর্ববর্তী নিয়মিতকরণ স্কিমটি পর্যালোচনার কথা জানিয়ে তা বাতিল করে দেয়। সেই স্কিম অনুযায়ী কোনও অনিয়মিত কর্মচারী টানা ১০ বছর চাকরি সম্পন্ন করলে তাঁকে নিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হতো এবং প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হতো।

সংগঠনের অভিযোগ, স্কিম বাতিলের আট বছর অতিক্রান্ত হলেও সরকার এখনও পর্যন্ত নতুন কোনপ নিয়মিতকরণ নীতি বা স্কিম ঘোষণা করেনি। ফলে বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে কর্মরত হাজার হাজার অনিয়মিত কর্মচারী চাকরির নিরাপত্তা, পদোন্নতি, পেনশন, চিকিৎসা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

এই পরিস্থিতিতে অনিয়মিত কর্মচারীদের স্বার্থরক্ষায় গঠিত হয় ‘ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ’। সংগঠনের উদ্যোগে গত ৪ জুলাই, ২০২৫ মহাকরণ অভিযান কর্মসূচি পালন করা হয় এবং মুখ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে নিয়মিতকরণের দাবি জানানো হয়। তবে সেই দাবির প্রেক্ষিতে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি বলে অভিযোগ সংগঠনের।

এদিন 'কালো দিবস' উপলক্ষ্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ বলেন, “রাজ্যের অনিয়মিত কর্মচারীরা বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। অথচ তাঁদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সরকার অবিলম্বে নিয়মিতকরণের ব্যবস্থা না করলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ।”

তিনি আরও জানান, বিধানসভায় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে বর্তমানে প্রায় ৩৬ হাজার অনিয়মিত কর্মচারী কর্মরত রয়েছেন। তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দ্রুত একটি স্বচ্ছ ও স্থায়ী নিয়মিতকরণ নীতি প্রণয়নের দাবি জানান তিনি।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সরকার দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande