মদ্যপানকে কেন্দ্র করে পিতা-পুত্রের সংঘর্ষ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক
আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : মদ্যপানকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে বচসার জেরে লাঠির আঘাতে গুরুতর জখম হন যুবক। ঘটনাটি ঘটেছিল গত সোমবার খোয়াই থানাধীন গোপালনগর এলাকায়। কিন্তু আহত অবস্থায় পাঁচ দিন ধরে বাড়িতেই পড়ে থাকায় তাঁর শারীরিক অবস্থার আরও অ
আহত যুবক হাসপাতালে


আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : মদ্যপানকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে বচসার জেরে লাঠির আঘাতে গুরুতর জখম হন যুবক। ঘটনাটি ঘটেছিল গত সোমবার খোয়াই থানাধীন গোপালনগর এলাকায়। কিন্তু আহত অবস্থায় পাঁচ দিন ধরে বাড়িতেই পড়ে থাকায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অবশেষে শুক্রবার তাঁকে খোয়াই জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গুরুতর আহত যুবকের নাম আকাশ হাড়িয়া। অভিযুক্ত তাঁর বাবা সুবোধ হাড়িয়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মদ্যপানকে কেন্দ্র করে পিতা ও পুত্রের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সুবোধ হাড়িয়া লাঠি দিয়ে আকাশের উপর হামলা চালান বলে অভিযোগ। এতে আকাশের কোমর, পিঠ ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি গুরুতরভাবে আহত হন।

অভিযোগ, ঘটনার পরপরই আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে পরিবারের সদস্যরা বাড়িতেই রেখে দেন। ফলে সময়মতো চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে এলাকাবাসীর পরামর্শে বৃহস্পতিবার রাতে তাঁকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

খোয়াই জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার সকালে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন। বর্তমানে জিবিপি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

জিবিপি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আকাশ হাড়িয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে আহত আকাশ হাড়িয়ার স্ত্রী জানান, সামান্য বিষয় নিয়ে পিতা ও পুত্রের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে রাগের বশে তাঁর শ্বশুর লাঠি দিয়ে আকাশ হাড়িয়াকে বেধড়ক মারধর করেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দ্রুত হাসপাতালে না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশি পদক্ষেপ বা কোনও মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande