
বারাসত, ৯ জুলাই (হি. স.): পুলিশ হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার দেবরাজ চক্রবর্তীকে বারাসত আদালতে তোলা হলে আদালতের পক্ষ থেকে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পরিবর্তে দুটি পৃথক মামলায় তাঁকে পুনরায় পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আদালত সূত্রে জানা গেছে, এদিন দেবরাজ চক্রবর্তীর আইনজীবী আদালতে তাঁর জামিনের সওয়াল করলেও, সরকারি আইনজীবীর পক্ষ থেকে তদন্তের স্বার্থে তাঁকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিনের আর্জি নাকচ করে দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, দেবরাজের বিরুদ্ধে রুজু হওয়া দুটি মামলার মধ্যে একটিতে ৭ দিন এবং অন্য মামলাটিতে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে এবং ঘটনার গভীরে পৌঁছাতে ধৃতকে জেরা করা প্রয়োজন বলেই মনে করছে পুলিশ প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সোনালি