
কলকাতা, ৯ জুলাই (হি.স.): “নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে।
নিজের দল আসল-নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল!” বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁর উদ্দেশে সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, “তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি - এই তিনটি বদ অভ্যাস আপনার এখনও গেল না! এখনও পরিবর্তন এলো না আপনার মধ্যে? আপনার বক্তব্যে আপনি যাদের ‘প্রতিবাদী’ আখ্যা দিচ্ছেন, তারা একজন নিষ্পাপ-নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র নাম-পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে।”
শুভেন্দুবাবু লিখেছেন, “এই উচ্ছৃঙ্খল লোকেরা, যারা পুলিশের গাড়ি জ্বালালো, যারা পুলিশকে মারল, রেললাইন উপড়ে ফেলল, বিশৃঙ্খলা করল, আইন-শৃঙ্খলা ভঙ্গ করল, এলাকার শান্তি বিঘ্নিত করে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করল, তারা আপনাদের ভাষায় ‘প্রতিবাদী’?” সংগঠিত খুনের পূর্বের ভিডিও যুক্ত করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, এরা প্রতিবাদী?
মুখ্যমন্ত্রী জানান, “শুনে রাখুন, নতুন পশ্চিমবঙ্গে যেমন ধর্ষণকারী, নারী ও শিশুদের নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রেয়াত করা হবে না, কঠোরতম শাস্তি দেওয়া হবে, ঠিক তেমনই বর্তমান সরকারের আমলে কোনো নিষ্পাপ, নিরপরাধীকে পিটিয়ে মারার অপরাধে যুক্ত সকল অপরাধীদেরও ভারতীয় ন্যায় সংহিতার বিধান অনুসারে আইনি ব্যবস্থার মধ্যে এনে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে।”
শুভেন্দুবাবু লিখেছেন, “এই ভিড়ের আড়ালে লুকিয়ে থেকে সংঘবদ্ধ হয়ে অপরাধ ঘটানোর দিন শেষ। আইনি উপায়ে এমন অপরাধীদের শেষ দেখে ছাড়বে এই নতুন সরকার।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত