
কারুর, ৯ জুলাই (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় শুক্রবার কারুর জেলায় একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি কারুর সফরে যাচ্ছেন। কারুরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর এটাই তাঁর প্রথম সফর। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, কারুর-সেলম সড়কের ধারে একটি বেসরকারি কলেজের অ্যাটলাস ক্রীড়াঙ্গনে আয়োজিত জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কর্মসূচিকে ঘিরে মাঠের চারপাশে প্রায় ১০ ফুট উঁচু টিনের অস্থায়ী বেড়া এবং ব্যারিকেড তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেবল কিউআর কোডযুক্ত পরিচয়পত্রধারীরাই সভাস্থলে প্রবেশের অনুমতি পাবেন।
জনসভা শেষে দুপুর ৩টায় কারুর-সেলম বাইপাস, কোয়েম্বাটুর রোড, পুরনো বাসস্ট্যান্ড মোড়, উঝভার সান্ধাই (কৃষক বাজার), তিরুমানিলাইয়ুর, টোল প্লাজা এবং থানাথোন্দ্রিমালাই হয়ে কারুর জেলা শাসকের দফতরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তাঁকে একনজর দেখার জন্য বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় প্রায় ১০ কিলোমিটার রাস্তার দু'ধারে অস্থায়ী ব্যারিকেড বসানো হয়েছে।
জেলা শাসকের দফতরে মুখ্যমন্ত্রী কারুরের পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারের ৩২ জন সদস্যের হাতে বিভিন্ন সরকারি দফতরে সহানুভূতিমূলক ভিত্তিতে (কমপ্যাশনেট গ্রাউন্ডে) নিয়োগপত্র তুলে দেবেন।
এরপর কারুর জেলার কৃষ্ণরায়পুরম পঞ্চায়েত ইউনিয়নের মানাভাসি পঞ্চায়েতে প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা একটি জুতো কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বিজয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য