নোংরা ড্রেনের জলে ডুবে রাস্তা, প্রতিবাদে জলে নেমে বিক্ষোভ মালদার বাসিন্দাদের
মালদা, ৯ জুলাই (হি. স.):-দীর্ঘদিন ধরে ড্রেনের নোংরা জলে রাস্তা ডুবে থাকার প্রতিবাদে বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা এলাকার বাসিন্দারা জলে নেমে বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে একই সম
ড্রেনেজ সমস্যা


মালদা, ৯ জুলাই (হি. স.):-দীর্ঘদিন ধরে ড্রেনের নোংরা জলে রাস্তা ডুবে থাকার প্রতিবাদে বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা এলাকার বাসিন্দারা জলে নেমে বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে একই সমস্যায় ভুগলেও পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।স্থানীয়দের দাবি, হাঁটুসমান নোংরা জল পেরিয়েই প্রতিদিন স্কুল, বাজার ও কর্মস্থলে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি তুলসীহাটা নিউ মার্কেট কমপ্লেক্স সংলগ্ন ঘোষপাড়ায় জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই প্রায় তিন ফুট জল জমে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।বাসিন্দাদের অভিযোগ, ড্রেনের নোংরা জল দীর্ঘদিন জমে থাকায় দুর্গন্ধে বসবাস করা দায় হয়ে উঠেছে। বেড়েছে মশা-মাছির উপদ্রব। জল বাড়ির আঙিনায় ঢুকে মাটির বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও কোথাও ধসও নামছে। বিষধর সাপ বাড়িতে ঢুকে পড়ার ঘটনাও ঘটছে বলে দাবি তাঁদের। নোংরা জল পেরিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ। দ্রুত স্থায়ী জলনিকাশি ব্যবস্থা গড়ে তুলে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande