
কলকাতা, ৯ জুলাই (হি. স.) : কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশি চালানোর পর রেলকর্মী মনি মোহন বারালের বাড়ি থেকে বেরিয়ে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা। তবে এই তল্লাশি কোন অভিযোগের ভিত্তিতে চালানো হয়েছে বা তদন্তের উদ্দেশ্য কী, সে বিষয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি ইডি-র আধিকারিকরা। ফলে গোটা ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।তল্লাশি চলাকালীন মনি মোহন বারালও বাড়ির বাইরে আসেননি। তাই তাঁর পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও জল্পনার সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনি মোহন বারাল পেশায় একজন রেলকর্মী। আগামী তিন মাসের মধ্যেই তাঁর অবসর গ্রহণের কথা রয়েছে। তবে তাঁর বাড়িতে ইডি-র এই তল্লাশির কারণ এখনও স্পষ্ট নয়। চাকরির পাশাপাশি তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না, অথবা অন্য কোনও অভিযোগের সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়েও এখনও কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। ইডি-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হওয়ায় তল্লাশি ঘিরে জল্পনা আরও বেড়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়