
দুর্গাপুর, ৯ জুলাই (হি.স.): বৃহস্পতিবার সকালেই ফের রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চিটফান্ড, ক্রিপ্টোকারেন্সি এবং হাওয়ালার মাধ্যমে আর্থিক প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে একযোগে রাজ্যের ১০টি জায়গায় অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে পশ্চিম বর্ধমানের অন্ডালের শ্রীপল্লিতে রাম মল্লিক ওরফে দিগন্ত মল্লিকের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।
জানা গিয়েছে, রাম মল্লিকের বাবা দিলীপ মল্লিক ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর অবসরপ্রাপ্ত কর্মী। অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর রিক্সাডাঙাল এলাকায় তাঁদের বাড়িতে সকাল থেকেই ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করেন।
একই সময়ে হাওড়ার ব্যাটরায় চিটফান্ড সংক্রান্ত মামলায় সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং নদিয়ার কালীনারায়ণপুরে শেয়ার বাজার সংক্রান্ত ভুয়ো সংস্থার এক কর্ণধারের বাড়িতেও অভিযান চালানো হয়।
সূত্রের খবর, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে দিলীপ মল্লিক ও তাঁর ছেলে রাম ওরফে দিগন্ত মল্লিকের বিরুদ্ধে। তল্লাশির সময় ইডির আধিকারিকরা বাড়ির বিভিন্ন নথি, ব্যাঙ্ক সংক্রান্ত কাগজপত্র, সম্পত্তির দলিল এবং আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখেন। তদন্তের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই তল্লাশি কোন নির্দিষ্ট মামলার তদন্তে বা কী অভিযোগের ভিত্তিতে চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে এলাকায় জল্পনা তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা