বিশেষ শর্তে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, নির্দেশ হাই কোর্টের
কলকাতা, ৯ জুলাই (হি.স.): অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনা মুখে পড়তে হ’ল বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে। তবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাট তৃণমূলের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসা
কলকাতা হাই কোর্ট


কলকাতা, ৯ জুলাই (হি.স.): অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনা মুখে পড়তে হ’ল বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে। তবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাট তৃণমূলের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

এই স্পেশাল অফিসারের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর নির্দেশে বিচারপতি আরও জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্পেশাল অফিসার থাকবেন। সই করতে যে দু’জন অনুমোদিত তাঁরাই এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কাউন্টার সই থাকতে হবে বিচারপতি সুব্রত তালুকদারের।

এখানেই শেষ নয়, প্রতিদিনের খরচের হিসাব আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ কলকাতা হাই কোর্টের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, নির্বাচনে লড়ার জন্য এই অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা হয়েছিল। সেই সময় কোনও প্রশ্ন তোলা হয়নি। কিন্তু ফল প্রকাশের পর কেন অভিযোগ? প্রশ্ন বিচারপতির।

বৃহস্পতিবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। মামলায় এদিন কালীঘাট তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী মনু সিংভি। আদালতে তাঁর প্রশ্ন, অভিযোগ করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায়? এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নির্দেশ দরকার। শুধু তাই নয়, যে সমস্ত বিধায়ক অভিযোগ করলেন তাঁরা ২৫ লাখ টাকা নেওয়ার পর সন্দেহ প্রকাশ করলেন। আর এখানেই আইনজীবীর আরও প্রশ্ন, কীভাবে জয়ী বিধায়করা অভিযোগ করতে পারেন?

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande