
বারাসাত, ৯ জুলাই (হি.স.) : এক ঢিলে দুই পাখি। স্বাস্থ্যভবন পরিদর্শনের পর সটান উত্তর ২৪ পরগনা জেলায় হাজির এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সময় নিয়ে খুঁটিয়ে ঘুরে দেখেন তিনি। যদিও চিকিৎসা পরিষেবার মান নিয়ে আপাতত বড় ধরনের কোনো অভিযোগ তোলেননি তিনি, তবে হাসপাতালের সামগ্রিক পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে ক্ষোভ উগরে দেন।
পরিদর্শনের সময় ওয়ার্ডের ভিতরে বিড়ালের অবাধ ঘোরাফেরা, ওষুধ রাখার তাকে পুরু ধুলোর আস্তরণ এবং পরিচ্ছন্নতার একাধিক বড়সড় ত্রুটি মন্ত্রীর নজরে আসে। সরকারি হাসপাতালের এই চিত্র দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া বার্তা দেন। গাফিলতির দায়ে হাসপাতালের ওয়ার্ড মাস্টার-সহ একাধিক কর্মীর বিরুদ্ধে শো-কজ নোটিশ জারির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের কাছ থেকে জবাব ও বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দিয়ে যান। হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা বজায় রাখা ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা ও রক্ষণাবেক্ষণের মান আরও উন্নত করতে আগামী দিনে এই ধরনের আকস্মিক পরিদর্শন আরও বাড়ানো হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত