
মেদিনীপুর, ৯ জুলাই (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানা এলাকার খাজরার বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস নেতা ও ঠিকাদার পীযূষ চন্দ্রকে সরকারি প্রকল্পের পাইপ অবৈধভাবে মজুত করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে সরকারি প্রকল্পের পাইপ বেআইনিভাবে মজুত করার অভিযোগ রয়েছে। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের ভিত্তিতেও তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, পীযূষ চন্দ্র এলাকার তৃণমূল কংগ্রেসের এক মহিলা নেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট নেত্রীর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। কোন উদ্দেশ্যে এবং কীভাবে এই সরকারি সামগ্রী মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অন্য কারো জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর কেশিয়াড়ির খাজরা এলাকাসহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া শেষ হলে এই ঘটনার পেছনের অন্যান্য তথ্যও সামনে আসবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি