
মালদা, ৯ জুলাই (হি. স.): মালদা জেলার গাজোলে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মৃতের নাম রজনী মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, মানিকচকের খয়েরতলা এলাকায় বাস্তুভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে রজনী মণ্ডল ও তাঁর ভাই কোকিল মণ্ডলের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সেই বিবাদ এড়াতে গত কয়েক বছর ধরে রজনী মণ্ডল স্ত্রী আলতি মণ্ডলকে নিয়ে গাজোলের কামাত এলাকায় বসবাস করতেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।অভিযোগ, বুধবার গাজোলের বাচাহার-মহীনর এলাকার কৃষিজমিতে একা থাকা অবস্থায় রজনী মণ্ডলের উপর কোকিল মণ্ডল ও তাঁর ছেলেরা হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃতের ছেলে অজয় মণ্ডল গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়