বারুইপুরকাণ্ড ও মীনাক্ষী মুখার্জির উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ায় বামেদের বিক্ষোভ
বাঁকুড়া, ৯ জুলাই (হি.স.): কোচবিহারে সিপিআই(এম)-এর যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির উপর হামলার প্রতিবাদ এবং বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মিছিল ও পথসভার আয়োজন করে সিপ
বারুইপুরকাণ্ড ও মীনাক্ষী মুখার্জির উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ায় বামেদের বিক্ষোভ


বাঁকুড়া, ৯ জুলাই (হি.স.): কোচবিহারে সিপিআই(এম)-এর যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির উপর হামলার প্রতিবাদ এবং বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মিছিল ও পথসভার আয়োজন করে সিপিআই(এম)-এর কৃষক সভা।

গঙ্গাজলঘাটি থানার অদূরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কৃষক নেতা সুজয় চৌধুরী, কৃষক সভার গঙ্গাজলঘাটি ব্লক সম্পাদক তিরুপতি মান এবং অঞ্চল সম্পাদক ইন্দ্রনীল মিত্র-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সুজয় চৌধুরী অভিযোগ করেন, রাজ্যের মানুষ তৃণমূলের শাসন থেকে মুক্তির আশায় বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই নীচুতলায় কাটমানি ও তোলাবাজির সংস্কৃতি বন্ধ না হয়ে আরও বেড়েছে বলে তাঁর দাবি। বড়জোড়া-মেজিয়া শিল্পাঞ্চল থেকে বালিঘাট—বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে ঠিকাদার ও ব্যবসায়ীদের হুমকির অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও প্রশ্ন তোলেন, নারী সুরক্ষা ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি পূরণে সরকার কতটা উদ্যোগী। একইসঙ্গে কোচবিহারে মীনাক্ষী মুখার্জির উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর কাছে জবাব দাবি করেন।

কৃষক সভার ব্লক সম্পাদক তিরুপতি মান বলেন, বারুইপুরকাণ্ডে রাজসাক্ষী হতে পারতেন বলে দাবি করা প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে হত্যা করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। বারুইপুরে নাবালিকার উপর নৃশংস অত্যাচারের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানায় সিপিআই(এম)।

অঞ্চল সম্পাদক ইন্দ্রনীল মিত্র বলেন, গণতন্ত্র রক্ষায় বৃহত্তর আন্দোলনের পথে নামবে বামপন্থীরা।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande